রিয়াকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বিপাকে আদিত্য!

১৪ জুন সকালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে আত্মহত্যা করেন। রাজপুতের আত্মহত্যার পর যেন আলোচনা থামছেই না! ঠিক কোন কারণে তিনি আত্মহত্যার মতো পথ বেছে নিলেন, তা এখন আলোচনার শীর্ষে। হতাশা? ক্লান্তি? অভিমান? সম্পর্কের টানাপড়েন? বিশ্বাস ভেঙে যাওয়া? সঠিক উত্তর কেউই বলতে পারছেন না। তবে তার সাবেক কয়েকজন প্রেমিকার দিকেও অনেকে আঙুল তুলেছেন। গত মঙ্গলবার সকালে সুশান্তের বান্দ্রার বাসভবনে ঢুকতে দেখা যায় অঙ্কিতা লোখান্ডেকে, সেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন। আর ১৮ জুন সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে থানায় ডেকেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। গণমাধ্যম জানায়, বেলা ১১টা ৩০ মিনিটে রিয়া পুলিশ স্টেশনে পৌঁছান। রিয়াকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে রিয়ার কাছ থেকে কী তথ্য পেয়েছে পুলিশ, তা এখনো জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম জানায়, সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকতেন তার ফ্ল্যাটে। এমনকি রিয়াকে বিয়ের জন্যও প্রস্তাব দেন। সুশান্তের বিয়ের প্রস্তাব রিয়া নাকচ করে দেন। তবে সুশান্তকে এ বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি।

এদিকে, জেরার পরেই সুশান্তের মৃত্যু-রহস্য নিয়ে মহারাষ্ট্র প্রশাসনের দৃষ্টি এবার যশরাজ ফিল্মসের দিকে। খুব শিগগির মুম্বাই পুলিশ ডাক পাঠাতে চলেছে প্রযোজনা সংস্থাটিকে। খতিয়ে দেখা হবে সুশান্তের সঙ্গে তাদের চুক্তিপত্র। এক সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি চুক্তিবদ্ধ ছিলেন যশরাজ ফিল্মের সঙ্গে। চুক্তি অনুযায়ী তার তিনটি ছবি করার কথা ছিল। তার মধ্যে দুটি ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ ও ‘ব্যোমকেশ বক্সী’ বাস্তবায়িত হলেও তৃতীয় ছবি হয়নি। অথচ এই ছবির জন্য ১১ মাস অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি আদিত্য চোপড়া! এই চুক্তির কারণেই সঞ্জয়লীলা বানশালীর ‘রামলীলা’ হাতছাড়া হয় সুশান্তের। ছবিটি পরিচালনা করার কথা ছিল শেখর কাপুরের। সম্প্রতি টুইটে তিনি সে কথা স্বীকার করে জানান, ‘এর পরেই প্রথম ভেঙে পড়েন সুশান্ত।’ বলিউডের দাবি, সে সময় আদিত্য সুশান্তকে অন্য প্রযোজকের ছবিতে কাজ করার অনুমতি দেননি। এই আচরণ সুশান্তকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, তিনি বলিউডের ভেতরের নন, বাইরের লোক। যশরাজ ফিল্মসকে সমন পাঠানোর আগেই সুশান্তের মৃত্যুর জন্য স্বজনপ্রীতিকে দায়ী করে বুধবার বিহারের মজফফরপুর জেলা আদালতে বলিউডের চার তারকা সালমান খান, করণ জোহর, একতা কাপুর ও যশরাজের কর্ণধার আদিত্য চোপড়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে।