জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রাম থেকে হাফিজুর রহমান নামে ৩০ বছর বয়সী ওই আটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশা চালক হাফিজুরের মা হাসনা বেগম জানান, শুক্রবার হাফিজুর অটোরিকশা নিয়ে বের হওয়ায় পর রাতে আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে রামনন্দপুর গ্রামে রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচাজর্ (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, নিহতের বাড়ি সরিষাবাড়ীর সীমানা সংলগ্ন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিউগীর গ্রামে। লোকমুখে অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি শুনতে পাচ্ছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।