চট্টগ্রামে আরও ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ছয় হাজার ৯৮ জন।
শনিবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত শুক্রবার চট্টগ্রামের চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি, ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৭৭৩টি নমুনা পরীক্ষা করে আরও ১৮৭ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, এদের মধ্যে নগরীর ৯২ জন এবং উপজেলার ৯৫ জন রয়েছে।
শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৬৯টি। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ৪২ জনের। এদের মধ্যে নগরীর ২০ জন ও উপজেলার ২২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিনে ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজেটিভ আসে। যাদের মধ্যে নগরীর চারজন এবং বিভিন্ন উপজেলার ৩৫ জন।
শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২১৭টি। যাদের মধ্যে ৫৪ জনের পজিটিভ আসে। এর মধ্যে উপজেলার পাঁচজন এবং ৪৯ জন নগরীর বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করা হয় গত শুক্রবার।
এর মধ্যে পজিটিভ মিলেছে ৪৯ জনের। এদের মধ্যে নগরীর ১৯ জন এবং বিভিন্ন উপজেলার ৩০ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৯টি নমুনা করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। এই নিয়ে চট্টগ্রাম জেলায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, সে হিসেবে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১৩৬ জন।