চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের জেলে পাড়া সংলগ্ন বেড়িবাঁধে এ বন্দুকযুদ্ধ ঘটে।
আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত ওই যুবক মাদক ব্যবসায়ী।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, সাগর পথে একটি মাদকের চালান এসেছে খবর পেয়ে র্যাবের একটি দল বেড়িবাঁধ এলাকায় গেলে সেখানে ওই যুবকরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, একটি এলজি এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।