বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা নগদ

ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’কে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলোর সংগঠন এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন (এপিপিইউ)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে নগদকে এ স্বীকৃতি দেন এপিপিইউ নেতারা। অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে অন্তত ৯টি দেশ ‘নগদ’ বিজনেস মডেল তাদের দেশে রেপ্লিকেট করার আগ্রহের কথা জানিয়েছে। মডেল নিয়ে আগ্রহী দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, ইরান ও সলোমন দ্বীপপুঞ্জের প্রতিনিধিরা বলেন, নগদের মতো সেবা চালু করতে পারলে তাদের দেশের পোস্টাল সেবা আবারও জেগে উঠতে পারবে।

এপিপিইউর পোস্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এবং নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম অংশ নেন। সুধাংশু শেখর ভদ্র বর্তমানে এপিপিইউর পোস্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে এপিপিইউর সেক্রেটারি জেনারেল লিন হোংলিয়াং ও ৩২ সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেন।