গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম পান্নু মোল্লার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পান্নু মোল্লার দৌলতদিয়া যৌনপল্লী কেন্দ্রিক একাধিক ব্যবসা ছিল। এছাড়া দুই স্ত্রী থাকায় পারিবারিক ঝামেলাও ছিল। শনিবার তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘর থেকে বের হননি। সন্ধ্যার পর তার শয়নকক্ষের জানালা দিয়ে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় বাড়িতে তার মা ছাড়া দুই স্ত্রীর কেউ ছিল না। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য, রাশেদুল ইসলাম পান্নু মোল্লা বিগত দৌলতদিয়া ইউপি নির্বাচনে বিপুল ভোটে ৩নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। স্থানীয় অনেকের মতে তার মৃত্যু রহস্যঘেরা।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা বলেই বলে প্রতীয়মান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।