দোহারে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা

ঢাকার দোহারে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছেন প্রশাসন। 

রবিবার বিকেলে উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, মেঘুলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ব্যবসায়ী ও পথচারীসহ ৩১ জনকে ৬ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় দোহার থানার এএসআই তুহিনসহ পুলিশ সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৭টি মামলায় ৬ জন ব্যবসায়ীসহ ৩১ জনকে মোট ৬ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।