বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহাদুর্যোগময় সময়েও বিএনপি দেশব্যাপী অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু কোনোভাবেই মানবিক কাজকে মেনে নিতে পারছে না বর্তমান ‘হিংসাশ্রয়ী’ আওয়ামী লীগ সরকার। গতকাল রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রাণ বিতরণের কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ বিবৃতি দেন দলটির মহাসচিব।
ফখরুল বলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য ও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকীন আহমেদ চিশতি, সদস্য আশেক এলাহী মুন্না, মহিলা দল নেত্রী ও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্নার নেতৃত্বে করোনাভাইরাসের মহাসংকটকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় আকস্মিকভাবে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা একটি প্রাইভেট কার, মাইক্রোবাসসহ কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাঙচুর এবং বেদম পিটিয়ে অন্তত ১২ নেতাকর্মীকে গুরুতর আহত করে।
তিনি বলেন, আহতদের মধ্যে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, কৃষক দল নেতা মাসুদ আহমেদসহ আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক ও দুলু খন্দকার গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গত ১৭ জুন নারায়ণগঞ্জে ৮, ৯ ও ১০নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও মহিলা দল নেত্রী আয়শা আক্তার দিনার নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা একই কায়দায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দুমুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বর্তমান হিংসাশ্রয়ী সরকার। তাই দলীয় লোকজনদের দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করেছে। নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘অদৃশ্য আততায়ী করোনাভাইরাসের মরণছোবলে ভীতসন্ত্রস্ত ও নিরন্ন মানুষকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্ত করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে চলমান দুঃশাসনেরই ভয়াবহ নজির। ক্ষমতাসীন দল কর্র্তৃক এ ধরনের পৈশাচিক হামলা ও রক্তাক্ত সন্ত্রাসী ঘটনার কারণেই দেশ আরও গভীর নৈরাজ্যের মধ্যে নিপতিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ করোনা মহামারীর মধ্যে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সরকারি দলের সন্ত্রাসীদের হামলা অশুভ ইঙ্গিতেরই ইশারা। সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণ বিতরণের সময় আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া হামলা, গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার ঘৃণ্য ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।’ এ সময় আহত নেতাকর্মীদের সুস্থতাও কামনা করেন বিএনপি মহাসচিব।