গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে গলাব্যথা না কমায় কথা বলতে কষ্ট হচ্ছে তার। গতকাল রবিবার তার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মিন্টু বলেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গত পরশু বেশি কথা বলার কারণে গলাব্যথা বেড়েছে। এখন তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত খাওয়া-দাওয়া করছেন আর লেখালেখি নিয়ে ব্যস্ত। হাসপাতালে বসে তিনি ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ : ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শিরোনামে একটি লেখা লিখছেন। লেখাটি বিশিষ্টজনদের দেবেন তিনি।
ডা. জাফরুল্লাহ বর্তমানে নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।