বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে নোঙর করা একটি লাইটারেজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে গেছে মটর ডালবাহী একটি লাইটারেজ জাহাজের। গতকাল রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিকে দ্রুত পতেঙ্গা সমুদ্রসৈকতে উঠিয়ে দিয়ে ডুবে যাওয়া থেকে রক্ষা করা হয়েছে। নাবিকরাও নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি নবী আলম দেশ রূপান্তরকে জানান, গতকাল সকাল ৭টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) হতে মটর ডাল নিয়ে নারায়ণগঞ্জের নোয়াপাড়ার উদ্দেশে রওনা হয় লাইটারেজ জাহাজ এমভি নিউ গোলাম রহমান। এ সময় প্রচণ্ড ঢেউয়ের মধ্যে জাহাজটি সাগরে নোঙর করা এমভি চিতলমারি-২ নামে অন্য একটি লাইটারেজ জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির একপাশের তলা ফেটে পানি ঢুকতে থাকে। এ সময় পাইলট দ্রুত জাহাজটি চালিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে চরে উঠিয়ে দেন।
লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক মাহবুব রশিদ খান দেশ রূপান্তরকে বলেন, লাইটারেজ এমভি নিউ গোলাম রহমান সাড়ে ৯০০ টন মটর ডাল বহন করে নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পরপর জাহাজটি পতেঙ্গা সৈকত এলাকায় চরে তুলে দেওয়ার কারণে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। জাহাজে থাকা ১২ নাবিকের সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
দুর্ঘটনাকবলিত জাহাজটির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।