মার্কেন্টাইল ব্যাংকের ৭টি ‘এজেন্ট ব্যাংকিং’-এর আউটলেট উদ্বোধন

বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে স্থবির জনজীবনে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম ভার্চুয়ালি ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন। গ্রাহকরা আঙুলের ছাপ দিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সঞ্চয়ী ও চলতি হিসাব, মাসিক ও এককালীন সঞ্চয় প্রকল্প, টাকা জমা দেওয়া, উত্তোলন করা, স্থানান্তর করা ও রেমিটেন্স আনাসহ যেকোনো সেবা গ্রহণ করতেই গ্রাহককে আঙুলের ছাপ দিতে হবে। ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল জমা দেওয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের বেতনভাতা গ্রহণ, মার্চেন্ট পেমেন্ট, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফি প্রদানসহ অন্যান্য সেবাগুলো দ্রুত চালু করা হবে। এজেন্ট ব্যাংকিং উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।