জয়পুরহাটে মাছ ধরতে বাধা দেওয়ায় হামলা

পুকুরমালিককে হুমকি, মামলা নেয়নি পুলিশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেকটা গ্রামে জোরপূর্বক মাছ ধরার সময় বাধা দেওয়ার জেরে পুকুর মালিকের বাড়িতে হামলা ও তাকে মারপিটের ঘটনায় পুলিশ এ পর্যন্ত মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তারা পুকুরমালিক হালিমের পরিবারকে বিভিন্ন হুমকি দিচ্ছে।

এলাকাবাসী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, শেকটা এলাকায় পুকুরে গত ৯ জুন রাত ২টার দিকে এলাকার দুষ্কৃতিকারীরা মাছ ধরছে এমন খবর পেয়ে হালিম ও তার ছেলে গিয়ে বাধা দেয়। পরে রাত সাড়ে ৩টার দিকে দুষ্কৃতিকারীরা হালিমের বাড়িতে হামলা চালিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে। ঘটনার পরপরই পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু এ পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। এ ঘটনায় পুনরায় গত ১৩ জুন সাতজনকে আসামি করে এজাহার দিলেও এখনো মামলা রেকর্ড করা হয়নি।

অভিযোগ অস্বীকার করে এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি মনছুর রহমান বলেন, তদন্ত চলছে। তাদের মামলা নেওয়া হবে। কেউ কেউ এসে আপস মীমাংসা করার কথা বলায় বিলম্ব হয়েছে।