দুর্গাপুরে ছিনতাই

অভিযোগের পাঁচ দিন পরও থানায় রেকর্ডভুক্ত হয়নি

রক্তাক্ত জখম করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ দিলেও গতকাল সোমবার পাঁচ দিন হয়ে গেলেও নেত্রকোনার দুর্গাপুর থানায় তা রেকর্ডভুক্ত হয়নি।

এমন দাবি করে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া মাসকান্দা পূর্বপাড়া গ্রামের অভিযোগকারী দুলাল মিয়া সাংবাদিকদের বলেন, ঘটনার আগে দুর্গাপুর থানায় চলতি বছরের মে মাসের ৭ তারিখ চারিয়া মাসকান্দা পূর্বপাড়ার মৃত ফজু মড়লের ছেলে আতাউর রহমান ও আবদুর রাশিদ এবং একই গ্রামের ইসহাক আলীর ছেলে ইসব আলী, শাহিন মিয়া, আবু সিদ্দিক গংদের নামে জিডি করা হয়েছিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সাতাশি বাজারে শমসের মড়লের পুকুরের পাশে আমার ছোট দুই ভাই কুদ্রত আলী (২৮) ও সাইদুল ইসলামকে (৪৮) গতিরোধ করে তাদের মারধর, রক্তাক্ত জখমসহ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত দুই ভাই বর্তমানে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ ঘটনার পর ওই দিন রাতে আমি নিজে বাদী হয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছি।

এ অভিযোগের তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার এসআই আসাদুজ্জামান গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার শতভাগ সত্যতা পেয়েছি। অসুস্থ থাকায় অভিযোগটি রেকর্ডভুক্ত করতে বিলম্বিত হয়েছে।