মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

মাকে নির্যাতন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছেলে নাসিম উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘জমি লিখে না দেওয়ায়’ বৃদ্ধা মাকে নির্যাতন করে তার ছেলে।

সোমবার উপজেলা শহরের শিবদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

গ্রেপ্তারকৃত নাসিম উদ্দীন (৩৫) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর গ্রামের প্রয়াত রফিজ উদ্দীনের ছেলে।
গত শনিবার মা আরোশা খাতুন (৫৫) বাদী হয়ে তার ছেলে নাসিম উদ্দীন ও তার স্ত্রী আরজিনা বেগমকে আসামি করে রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীশংকৈল থানার এসআই দীপঙ্কর রায় বলেন, দীর্ঘদিন ধরে আরোশা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন ছেলে ও তার পুত্রবধূ।

“গত মঙ্গলবার ক্ষেত থেকে পটল তোলাকে কেন্দ্র করে আরোশা খাতুনকে বাঁশের লাঠি দিয়ে বেধরক পেটায় নাসিম। এতে আরোশা খাতুনের ডান হাত ভেঙে যায় এবং তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়।”

সোমবার দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের বিষয়টি লিখিতভাবে জানান আরোশা খাতুন।
পরে সংবাদকর্মীরা খবর দিলে পুলিশ এসে নাসিমকে গ্রেপ্তার করে। এরপর স্থানীয়রা অসুস্থ আরোশাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা।

আরোশা খাতুন বলেন, জমি লিখে না দেওয়ায় ছেলে ও তার স্ত্রীর নির্যাতন সইতে না পেরে থানায় মামলা করি। রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মাকে মারপিটের মামলায় নাসিমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।