ফোনালাপে সাবেক ছাত্রলীগ নেতার ‘লাশ ফেলার’ হুমকিতে চট্টগ্রামে উত্তাপ

ফোনালাপে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির ‘লাশ ফেলার’ হুমকির অভিযোগ তুলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। হুমকি দেওয়ার অভিযোগে নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর গ্রেপ্তার দাবি ওঠে। 

জানা গেছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সহায়তায় নুরুল আজিম রনিসহ কয়েকজন নগরীর হালিশহরে একটি আইসোলেশন সেন্টার গড়ে তোলেন। ওই সেন্টারের প্রধান উদ্যোক্তা মো. সাজ্জাত হোসেনের সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় ফয়সাল ইকবাল রনিকে ‘চোর-ডাকাত’ আখ্যায়িত করে দেশ স্বাভাবিক হলে তার ‘লাশ দেখা যাবে’- এমন হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

সোমবার সকালে টেলিফোনে ওই কথোপকথনের পর বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

কথোপকথনটির অডিও ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায়। 

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ‘হুমকিদাতা ফয়সাল ইকবালের গ্রেপ্তার’ দাবি করে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে ডা. ফয়সাল ইকবালসহ ‘হত্যা ষড়যন্ত্রের’ সব পরিকল্পনাকারীর গ্রেপ্তার দাবি করা হয়।