কভিড-১৯ সংকটে অর্থনীতিকে চাঙ্গা করতে ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি দুই দেশের কল্যাণ নিশ্চিতে সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।
গতকাল মঙ্গলবার এফবিসিসিআইর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত সোমবার রাতে এফআইসিসিআই আয়োজিত ‘ইন্ডিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট : স্টেকহোল্ডারস ইন্টের্যাকশন’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। ওয়েবিনারে অংশ নেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
ফজলে ফাহিম বলেন, কভিড-১৯ বাস্তবতায় অর্থনীতি চাঙ্গা করতে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য যৌথ বিনিয়োগ, যেসব পণ্য ও সেবার কাঁচামাল ভারত থেকে এসে বাংলাদেশে পণ্য প্রস্তুত হয়ে পুনরায় ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সেসব পণ্য ও সেবার ভ্যালু চেইনেরই একটি অংশ। এতে যৌথ বিনিয়োগের কৌশলটি দুই দেশের জন্যই লাভজনক হবে বলে আমি মনে করি।
হালকা প্রকৌশল (লাইট ইঞ্জিনিয়ারিং) শিল্পের সম্ভাবনা যাচাই ও অন্যান্য উদ্যোগ বাস্তবায়ন, ভারত থেকে আসা কাঁচামাল ও বাংলাদেশের উৎপাদিত পণ্য সম্পর্কিত একটি ভ্যালু চেইন উদ্যোগ দুই দেশের মধ্যকার মানবিক সহযোগিতার দীর্ঘ তালিকায় আরও একটি প্রশংসনীয় উদ্যোগ হবে বলে উল্লেখ করেন তিনি।
পিছিয়ে যাওয়া পেমেন্ট সম্পর্কিত সংশোধিত বিধানটি কার্যকর হলে তা বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে ভারত ও ভারতের বাইরে পণ্য রপ্তানিতে যে ঘাটতি দেখা দিয়েছে, দ্বিপক্ষীয় ভ্যালু চেইন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তা কাটাতে এবং বিশ্ববাজারের দিকেও নজর দিতে সাহায্য করবে বলেও জানান ফজলে ফাহিম। বাংলাদেশি ব্যবসায়ীদের কেনাকাটা সহজ করতে ভারতীয় ব্যাংকগুলো থেকে বিলম্বিত এলসি প্রদানের সুবিধা বিলের দিন থেকে আরও ২৪০ দিন বাড়ানোর বিষয়টি বিবেচনার জন্য ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, এমন উদ্যোগ অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত বাংলাদেশি উদ্যোক্তাদের ভারতের প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রেসিডেন্ট (গ্রুপ পাবলিক অ্যাফেয়ার্স) মনোজ চোগ বলেন, উচ্চ আমদানি শুল্ক থাকার কারণে বিশেষ করে যাত্রী এবং বাণিজ্যিক যানবাহনগুলোর ক্ষেত্রে দুই দেশের বাণিজ্য বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশের বাজারে এই ধরনের পণ্যের ক্ষেত্রে যথাযথ রিটেইল ফাইন্যান্স কার্যকর করা দরকার। দুই দেশের পণ্য চলাচল সহজ করতে বিনিয়োগ ও বাণিজ্যের প্রচারের জন্য রুটের যে পরিবর্তনের কথা বলেছিলেন মনোজ, তার কথা উল্লেখ করে ফাহিম বলেন, ‘যেহেতু খরচের কার্যকারিতার দিক থেকে কনভেনশনগুলো এক রকমই রয়ে গেছে, তাই আমাদের গতানুগতিকতার বাইরে গিয়ে ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাণিজ্যের জন্য সেরা পথ জলপথ। তারপরেই রয়েছে রেলওয়ে। অবশ্যই যাত্রীবাহী যানবাহনের মাধ্যমে যেসব পণ্য ও পরিষেবা ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে আসা-যাওয়া করে, সে বিষয়েও যত দ্রুত সম্ভব এই রুটগুলো বাস্তবায়নে জোর দিতে হবে।’
এই বিষয়ে রীভা গাঙ্গুলি বলেন, ‘দুই দেশই পণ্য সরবরাহের ক্ষেত্রে কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ, তা যাচাইয়ের জন্যই ভারতীয় রেলওয়ে ও বাংলাদেশ রেলওয়ে একসঙ্গে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘ভারত আঞ্চলিক সহযোগিতাটাকে আরও এগিয়ে নিতে যাত্রী ও বাণিজ্যিক যানবাহনের ওপর শুল্ক কমানোর বিষয়ে চিন্তা করেছে। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় বেশ কয়েকজন বিশেষজ্ঞ ভারত সরকারকে অভিনন্দনও জানিয়েছেন।’
ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসি) সেক্রেটারি জেনারেল দিলীপ চেনয় ও এফআইসিসির ডেপুটি সেক্রেটারি জেনারেল মানিষ সিংহলের সভাপতিত্বে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপ এসবিআইর ডিএমডি ভেঙ্কট নাগেশ্বর সি এবং সিএনএইচ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর (ইন্টারন্যাশনাল) অশোক অনন্তরামনও এই ওয়েবিনারে অংশ নেন।