করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সুরক্ষায় প্রধানমন্ত্রীঘোষিত প্রণোদনা প্যাকেজের সুফল নিশ্চিতে এসএমই ডেটাবেজ দ্রুত হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ ডেটাবেজ হালনাগাদ করবে। এতে তৃণমূল পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা প্রণোদনার সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল ‘কভিড-১৯ অথনৈতিক সংকট এবং বাংলাদেশের এসএমই শিল্প খাত’বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে করোনা সংকট উত্তরণে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিল্ড ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে গঠিত পলিসি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘রিসারজেন্ট বাংলাদেশ’ এ সংলাপের আয়োজন করে। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বিল্ডের চেয়ারপারসন আবুল কাশেম খান। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। এছাড়া আলোচনায় অংশ নেন বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. মনজুর হোসেন, এসএমই ফাউন্ডেশনের এমডি শফিকুল ইসলাম, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ। সংলাপের সুপারিশগুলো তুলে ধরেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে অতি দ্রুততার সঙ্গে প্রণোদনা প্যাকেজ ঘোষণা হলেও ব্যাংকিং জটিলতার কারণে এসএমই শিল্পোদ্যোক্তারা এর সুফল পাচ্ছেন না। এছাড়া ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুবিধা দেওয়ায় অপ্রাতিষ্ঠানিক খাতের অনেক শিল্প ও ব্যবসায় ঘোষিত প্রণোদনা সুবিধা পাওয়ার সুযোগ নেই।