হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালালেন স্বামী

চট্টগ্রামের আনোয়ারায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সেলিনা আক্তার শেলী (২২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের জেবল হোসেনের মেয়ে। নিহতের স্বামী মোহাম্মদ শাকিব (২৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডোমখালী মালুমঘাট এলাকার মোহাম্মদ নোমানের ছেলে।

তারা দুজনই কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কেএসআই) ২১ নম্বর ফ্লোরে চাকরি করতেন। সে সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২০১৯ সালের জুন মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আনোয়ারা উপজেলার বৈরাগ তেলের দোকান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এটি সেলিনা আক্তার শেলীর দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে আদনান হোসেন নামে ৪ বছরের এক ছেলে রয়েছে। ছেলেটি বাঁশখালী উপজেলায় তার নানার বাড়িতে থাকে।

প্রতিবেশী হারুনুর রশিদ বলেন, সকালে কাজে না যাওয়াতে শেলীর স্বামী শাকিবকে ফোন দিই। ওই সময় শাকিব জানায় তাদের মধ্যে ঝগড়া হওয়াতে তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে আনোয়ারা হাসপাতালে গেছেন। পরে খবরটি শেলীর ভাইকে জানালে তারা হাসপাতালে আসেন।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোরে কে বা কারা জরুরি বিভাগের বাইরে ওই নারীর লাশ রেখে যায়। হাসপাতালের দায়িত্বে থাকা লোকজন ভোর ৫টার দিকে দরজা খুলে বের হলে লাশটি দেখতে পান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরে বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে ময়নাতদন্তের রিপোর্ট প্রয়োজন। আমরা নিহতের স্বামীর সাথে কথা বলার চেষ্টা করছি। তার সাথে কথা বলা গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের গলায় রশির দাগ রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।