বেসরকারিভাবেও পরীক্ষা শুরু করছে আইসিডিডিআর,বি

এবার বেসরকারিভাবে করোনা পরীক্ষা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। আগামীকাল শুক্রবার থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে কভিড-১৯ রোগের সন্দেহভাজনদের জন্য সার্স কোভ-২ টেস্ট শুরু করবে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিডিডিআর,বি। এর আগে গত মার্চ থেকে শুধু সরকারের দেওয়া নমুনা ও কিটের মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা করে আসছিল প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে তারা। এখন থেকে এর পাশাপাশি পৃথকভাবে নিজস্ব উদ্যোগেও নমুনা সংগ্রহ ও কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করবে আইসিডিডিআরবি। ফলে এখন থেকে যে কেউ আইসিডিডিআরবিতে করোনা পরীক্ষা করাতে পারবেন। প্রতিটি পরীক্ষার জন্য খরচ পড়বে সাড়ে ৩ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে টেস্টের জন্য রোগীদের পড়ারফ১৯ঃবংঃ.রপফফৎন.ড়ৎম ওয়েবসাইটে নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। টেস্টের ফি ডেবিট, ক্রেডিট কার্ড অথবা অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টেস্টের জন্য ব্যক্তির গলা ও নাকের গভীর থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। রোগীকে মহাখালীর আইসিডিডিআরবিতে এসে নমুনা দিতে হবে। রোগীর সঙ্গে কেবলমাত্র একজন ব্যক্তি টেস্টের জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।

এ বিষয়ে আইসিডিডিআরবির ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসের ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ ম-ল বলেন, ‘কভিড-১৯ রোগীদের উন্নত সেবা দিতে আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারটিকে পুনঃসংস্কার করেছি। প্রাথমিক পর্যায়ে অনলাইন নিবন্ধনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু করলেও পরবর্তী সময়ে আমরা এটিকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য আরও সহজতর প্রক্রিয়ায় রূপান্তরিত করব।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পরীক্ষা থেকে প্রাপ্ত মুনাফা ঢাকা ও চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবির দুটি হাসপাতাল ব্যবস্থাপনায় ব্যয় করা হবে।