ই-ক্যাব সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যদের সহজ শর্তে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ দেবে বেসরকারি প্রাইম ব্যাংক। গতকাল বুধবার ই-ক্যাব ও প্রাইম ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইতিমধ্যে ই-কমার্স খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এটা সূচনা মাত্র। ভবিষ্যতে সব ব্যবসাই ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে যাবে। ই-কমার্সকে আমাদের সামনে নতুনভাবে উপস্থাপন করেছে করোনাভাইরাস। খাতটি পুরোপুরি মেধাভিত্তিক হওয়ায় এ ব্যবসার জন্য আলাদা করে কেউ জামানত সংগ্রহ করে রাখে না। তাই অনেক উদ্যোক্তা ইচ্ছা থাকা সত্ত্বেও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন না। এ ক্ষেত্রে প্রাইম ব্যাংকের এ উদ্যোগ সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ বলেন, গত কয়েক বছরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। ব্যাংক ব্যবসায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পরবর্তীকালে ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল প্রযুক্তিনির্ভর হবে।  বিষয়টি আমাদের দেখিয়ে দিয়েছে করোনা। গত তিন মাসে আমরা সবজি বাজারও ই-কমার্সের মাধ্যমে করছি। টেলিমেডিসিন থেকে শুরু করে সব ধরনের করোনাসামগ্রী এখন ই-কমার্সে কেনাবেচা হচ্ছে। তাই এ খাতের উদ্যোক্তাদের সহযোগিতার জন্যই আমাদের এ উদ্যোগ। আশা করি ভবিষ্যতে আরও বড় হবে এ খাত। এছাড়া ব্যাংক ব্যবসায় জামানত নিয়ে ঋণ দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে বলে মনে করেন তিনি।