পূর্ণাঙ্গ কভিড-১৯ হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করেছে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের গুলশান শাখা। এতে সামনে থেকে করোনা মোকাবিলায় যারা কাজ করছেন তাদের কভিড-১৯ চিকিৎসার খরচে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন প্রধান অতিথি হিসেবে হাসপাতালটি উদ্বোধন করেন। ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে রয়েছে দেশ-বিদেশের অভিজ্ঞ ডাক্তার, নার্স এবং অত্যাধুনিক যন্ত্রপাতি। করোনা স্যাম্পল সংগ্রহের জন্য আলাদা ইউনিট, আইসোলেশন ওয়ার্ড ছাড়াও এখানে রয়েছে ২১টি নতুন সিসিইউ এবং আইসিইউ বেড, পিসিআর ল্যাব, ভেন্টিলেটর, নেবুলাইজার মেশিন, কার্ডিয়াকমনিটর, বহনযোগ্য ডিজিটাল এক্স-রে মেশিন, সিটি স্ক্যান মেশিন, ইসিজি, ইকো, এমআরআই এবং অত্যাধুনিক সুবিধাসংবলিত কেবিন ও ওয়ার্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকদার গ্রুপের পরিচালক ও সংসদ সদস্য পারভিন হক সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ।