চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চক্ষু চিকিৎসক শহীদুল আনোয়ার হাসপাতালে মারা গেছেন।

বুধবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ চিকিৎসকের মৃত্যু হল।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৬ মে ডা. শহীদুল আনোয়ার হাসপাতালে ভর্তি হন। এই দীর্ঘসময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গত চার দিন আগে উনার অক্সিজেন সেচুরেশন নামতে থাকলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার রাতে এই চিকিৎসক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আনুমানিক ৬২ বছর বয়সী শহীদুল আনোয়ার নগরীর চান্দগাঁও এলাকার বণি হাসান চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ছিলেন।

এছাড়া নগরীর জামালখান এলাকায় প্রাইভেট প্র্যাকটিসও করতেন।