মির্জাপুরে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা

করোনাভা্ইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১৪৫ জন। লকডাউনসহ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এরপরও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য। লকডাউনের মধ্যেও হাটবাজারে লোকসমাগম কমছে না। এ অবস্থায় স্থানীয় প্রশাসন শুক্রবার মির্জাপুরের কাঁচা বাজারসহ সাপ্তাহিক হাট বন্ধের সিদ্ধান্ত নেয়।

গতকাল বুধবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক সাপ্তাহিক হাট বন্ধের ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা শুধুমাত্র শুক্রবারের জন্য কাঁচাবাজারসহ সাপ্তাহিক হাট বন্ধ রাখতে সম্মত হন।

পরে বৃস্পতিবার সকাল থেকেই মির্জাপুর পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সাপ্তাহিক হাট কাঁচাবাজারসহ বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়। শনিবার থেকে যথারীতি কাঁচাবাজাসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, সাপ্তাহিক হাটের দিনে প্রচুর লোক সমাগম ঘটে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে। করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে শুধুমাত্র শুক্রবারের জন্য কাঁচাবাজার এবং সাপ্তাহিক হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে যথারীতি কাঁচাবাজাসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে বলে তিনি জানান।