গাজীপুরে সহকর্মীর হাতে এক পোশাক কর্মী খুন হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কামারজুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহীন (২৭)। তিনি গাইবান্দা জেলার পলাশবাড়ি থানার সাতানা নওগাঁ গ্রামের মমতাজ মিয়ার ছেলে। তিনি কামারজুরি এলাকায় বিসমিল্লাহ সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতেন।
গাছা থানার এসআই সজিব দেবনাথ জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শাহীন ও তার সহকর্মী ওয়াজিদ মিয়া ওই সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতো। বৃহস্পতিবার সকালে কারখানার বাইরে তাদের দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেন।
দুপুর আড়াইটার দিকে কামারজুরি বালুর মাঠ এলাকায় ফের দু’জনে ঝগড়ায় ও মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওয়াজিদ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে শাহীনের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যায়। খবর পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারী ওয়াজিদকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।