লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কালী প্রসাদ সরকার ও পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত।
নিহতের পরিবার, রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার রাতের যেকোনো সময় উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে একটি গরু পারাপারকারীর (রাখাল) দলের কয়েকজন সদস্য ভারতের ওপারের কোচবিহারের মাথাভাঙ্গা থানার পাড়াসার গ্রামে ভারতীয় ব্যবসায়ীর কাছে গরু আনতে যান। নিহত মিজানুর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী সীমান্তের নাসিম উদ্দিন ভুট্টুর ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর মিজানুর রহমানকে তার সহযোগীরা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. কালী প্রসাদ সরকার বলেন, গতকাল ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি গুলিতে আহত মিজানুর রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। তার মাথার পেছনে গুলি ঢুকে ভেতরেই আছে। তাৎক্ষণিক বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান মনছুর বলেন, পূর্ব জগতবেড় এলাকার শমসেরনগর সীমান্তে ভারতের রানীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।