একই মামলা একাধিক ভার্চুয়াল বেঞ্চে দাখিল নয় : হাইকোর্ট

একই বিষয়ে মামলা একাধিক ভার্চুয়াল বেঞ্চে দাখিল না করতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেয়। বিষয়টি নিশ্চিত করে বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, দেখা গেছে, কতিপয় আইনজীবী একই বিষয়ের একই মামলা বিভিন্ন ভার্চুয়াল কোর্টে দাখিল করছেন। ফলে একটি মামলা একটি বেঞ্চে শুনানি হওয়ার পর অন্য একটি বেঞ্চে শুনানির তাগিদ দেওয়া হচ্ছে। এ ছাড়া একটি মামলায় একটি বেঞ্চ সংশ্লিষ্ট আবেদনটি নিয়মিত বেঞ্চে (আদালত খোলার পর) উত্থাপন করার নির্দেশ দিলেও কেউ কেউ অন্য বেঞ্চে দাখিল করেন, এতে করে বিভিন্ন অসুবিধা ও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বশির উল্লাহ বলেন, বিচারপতি জাহাঙ্গীর হোসেন আজ (গতকাল) এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সম্পাদককে একটি বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সমিতির সম্পাদক বিষয়টি আইনজীবীদের অবহিত করেছেন।

হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে ই-মেইলের মাধ্যমে মামলার শুনানির জন্য আবেদন দাখিল করতে হয়। ভার্চুয়াল আদালতে মামলার কার্যতালিকায় (কজ লিস্ট) আসা না-আসা নিয়ে ফেইসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে ২ জুন সতর্ক করে নির্দেশনা দেয় বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।