বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব এ কে এম আলী আজম। তিনি বলেছেন, বিএসটিআই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটি আগের তুলনায় অনেক গতিশীল হয়েছে। এই ধারা অব্যাহত রেখে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআইর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিএসটিআইর কার্যক্রমকে বেগবান করার তাগিদ দিয়ে শিল্প সচিব বলেন, ‘একটি দেশের পণ্যের পরীক্ষণ পদ্ধতি যত ভালো সে দেশে তত ভালো মানের পণ্য উৎপাদিত হবে। ভালো মানের পণ্য উৎপাদন করতে পারলে রপ্তানি বাজার সম্প্রসারিত হবে। এ ছাড়া অভ্যন্তরীণ বাজারেও ভোক্তার কাছে ভালো মানের পণ্য পৌঁছে দেওয়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বিএসটিআইর লোগো যেন আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সে বিষয়ে সবাইকে একই সঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বিএসটিআইকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।’ বিএসটিআইর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, বিএসটিআইর পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।