ভোলার মেঘনা নদীতে পণ্যবাহী লাইটার জাহাজ রোকনুর-১৯-এর ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী এমভি এসএ বাশার নামের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে একটি ডুবোচরে নোঙর করে রাখা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার ইউছুপ আলী ভোলার দৌলতখান থানায় পণ্য এবং জাহাজের মোট ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজ এমভি এসএ বাশার চৌকিঘাটা এলাকা থেকে কিছুটা দূরে নদীতে ডুবোচরে কাত হয়ে রয়েছে। প্রায় শতাধিক শ্রমিক ওই জাহাজ থেকে গম নামাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার চৌকিঘাটা এবং রামগতি উপজেলার সেলিমবাজারের মধ্যবর্তী মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে জাহাজের মাঝ বরাবর বড় ধরনের ফাটলের সৃষ্টি হয় এবং জাহাজে থাকা ১ হাজার ৯৫০ টন গমে পানি প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার এবং স্টাফরা জানান, দুর্ঘটনার পর আঘাতকারী জাহাজ এমভি রোকনুর-১৯কে দাঁড়াতে বলা হলে তারা না দাঁড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই এলাকায় নোঙর করে রাখা রোকনুর-৭ নামের অপর একটি খালি জাহাজ ডুবন্ত জাহাজটিকে উদ্ধারে এগিয়ে আসে। গত বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবন্ত জাহাজ থেকে প্রায় ২০০ টন গম উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার ইউছুপ জানান, এমভি ইএল মাটাদর নামক মাদার ভেসেল থেকে ১ হাজার ৯৫০ টন গম নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাড়া করা ইরা করপোরেশনের এমভি এসএ বাশার কার্গো জাহাজটি ঢাকায় যাচ্ছিল। চৌকিঘাটা এলাকার মাঝামাঝি পৌঁছালে অবৈধভাবে ওভারটেকিং করতে গিয়ে রোকনুর-১৯ সজোরে এসে ধাক্কা দিলে এর মাঝখানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। পরে দ্রুত জাহাজটিকে দৌলতখান উপজেলার চৌকিঘাটা এলাকার একটি ডুবোচরে নিয়ে নোঙর করানো হয়। মাস্টার ইউছুপ আরও জানান, ভোলার উপকূলবর্তী মেঘনা নদীর ওই নৌ-রুটটিতে বিআইডব্লিউটিএর কোনো ধরনের তদারকি নেই। তাই অধিকাংশ জাহাজের নাবিক নিয়ম মানেন না। মনমতো জাহাজ চালান এবং দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, রোকনুর-১৯ জাহাজটিও অবৈধভাবে এসে তার জাহাজকে আঘাত করে।
বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা কামরুজ্জামান জানান, কেবল যাত্রীবাহী লঞ্চগুলোই বিআইডবিব্লউটিএ তদারকি করে থাকে। অচিরেই হয়তো পণ্যবাহী এসব লাইটারেজও বিআইডব্লিউটিএ তদারকি করবে। তিনি আরও জানান, এই চ্যানেলটি অনেক স্থানে সরু। তাই অতি সাবধানে যাতায়াত করা উচিত।
বসুন্ধরা গ্রুপের সুপারভাইজার উজির আলী জানান, এ ঘটনায় তারা ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেছেন। দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।