অটো রিকশার ধাক্কায় সোয়ার মনু নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রামপুর-তেলিগাতি সড়কে রাজিবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত নুর হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির অদূরে রাজিবপুর বাজারে সদাই আনতে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা বৃদ্ধাকে ধাক্কা দেয়। পরে বৃদ্ধাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখতে স্থানীয়রা এগিয়ে আসেন। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় চালক দ্রুত পালিয়ে গিয়েছে বলে জানায় স্থানীয়রা।
বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী আকবর তালুকদার মল্লিক এ ঘটনায় বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।