নির্বিঘ্নে লুটপাট করতে সরকার বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘নির্বিঘেœ সীমাহীন দুর্নীতি আর লুটপাট করতে দেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সরকার নির্যাতন করছে, খুন করছে, গুম করছে।’ গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা সত্যের পথে আছেন। আমরা দলের চেয়ারপারসনের অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। তিনি নিজে নির্যাতন সহ্য করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন, তারপরও মাথানত করেননি। সরকারের ষড়যন্ত্রে সুদূর প্রবাসে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দিন-রাত সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তাই আপনারা মনোবল হারাবেন না। যতই বাধা বিপত্তি আসুক আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবই।
তিনি বলেন, আজকে গুম বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এসব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত। আজকে দেশে মিছিল করা যায় না, কথা বলা যায় না। আর কথা বলতে গেলে, ভিন্নমত প্রকাশ করলে সে গুম হয়ে যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবনযাপন করা যায় না।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে নতুন ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল আলিম নকীকে নিয়ে মাজার জিয়ারত করেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।