করোনা উপসর্গ নিয়ে তিন জেলায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুরে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে যুবক ও বৃদ্ধ; বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই বৃদ্ধ এবং জামালপুরে এক যুবক মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর দিয়েছেন পরিচালক ডা. মো. বাকির হোসেন। তিনি বলেন, নগরীর ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার শাহানেওয়াজ (৬৩) শুক্রবার দুপুর ১টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। দুপুর ২টার দিকে তিনি মারা যান। অন্যদিকে বরগুনা জেলার আবদুর রশীদ (৮০) ২৩ জুন দুপুর ২টার দিকে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। দুজনের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চাঁদপুর : জেলার হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শোয়েব আহমেদ চিশতী জানান, বৃহস্পতিবার রাতে পৌরসভার বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫) মারা যান। দুজনই কয়েক দিন ধরে জ¦র, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জামালপুর : বকশীগঞ্জে জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে এক যুবক (৩০) মারা গেছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বিনোদের চরের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের দাফন টিমের মাধ্যমে তার লাশ দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিম শাহারিয়ার জানান, রাতে মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে তার ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে।