আনোয়ারায় ২০ দিনেও মিলছে না করোনা রিপোর্ট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৬৪ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট ২০ দিনেও মেলেনি। গত ৭ ও ৮ জুন উপজেলার ৬৪ জনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে নমুনা বেশি জমা হওয়ায় কর্তৃপক্ষ এসব নমুনা ঢাকায় পাঠায়। কিন্তু গত ২০ দিনেও এসব পরীক্ষার ফল হাতে পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে এর পরের রিপোর্টগুলো সঠিক সময়ে পাওয়া গেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন।

এসব রিপোর্ট না পাওয়ায় পরিস্থিতি অনুযায়ী দ্রুত স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক পদক্ষেপ নিতে পারছে না স্বাস্থ্য বিভাগ। ফলে উপজেলায় করোনার বিস্তারের শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে উপজেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, উপজেলায় এ পর্যন্ত ৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন একজন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন।