মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও নকল ওষুধ বিক্রির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা পৌর শহরের এক ওষুধের দোকানমালিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এনএসআই সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের আনন্দবাজার এলাকায় ওষুধের দোকান আলবী মেডিকেল হলে অভিযান চালানো হয়। এ সময় দোকানে ৩৫ রকমের মেয়াদোত্তীর্ণ, বিক্রি নিষিদ্ধ ও নকল ওষুধ পাওয়া যায়। পরে দোকানমালিক জুয়েল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা এনএসআইয়ের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, ফিল্ড অফিসার মো. আশরাফুল আলম ও পর্যবেক্ষক কামরুজ্জামান রনি।