কালীগঞ্জে ট্রাকচাপায় ৮ বছরের শিশু নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় রিমা খাতুন (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বলিদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে ও কালীগঞ্জ বলিদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, শনিবার সকালে দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশে দাঁড়িয়েছিল রিমা। যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রিমার মরদেহ উদ্ধার করেছে।