হিলিতে কৃষি ব্যাংকের ম্যানেজারের পর ক্যাশিয়ার করোনায় আক্রান্ত

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাকিমপুর শাখার ম্যানেজারের পর এবার ক্যাশিয়ার আব্দুল হাই সিদ্দিক (৪৫) করোনাভাইরাসে আক্রাক্ত হয়েছেন।

এতে করে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শুক্রবার রাতে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। কয়েকদিন আগে তিনি শরীরে জ্বর অনুভব করলে করোনা পরীক্ষার জন্য বগুড়া টিএমএস মেডিকেলে নমুনা দিয়ে আসেন।

তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা, বর্তমানে বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করছেন।

এর আগে গত ২২ মে মাসে ওই ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে তিনি সুস্থ হয়ে অফিস করছেন।

হিলি বাজারের ব্যবসায়ী রুহুল আমিন ও মাসুদ রানা বলেন, বাজারের নিকটতম হওয়ায় অনেক ব্যবসায়ীদের একাউন্ট রয়েছে কৃষি ব্যাংকে। যার কারণে টাকা উঠানো বা জমা দেওয়ার জন্য অনেককেই ব্যাংকে যেতে হয়।

এছাড়া বিদ্যুতের বিল প্রদানের জন্য অনেক মানুষই কৃষি ব্যাংকে যান। আর ক্যাশিয়ার করোনাতে আক্রান্ত হওয়ার আমরা অনেকেই তার সংস্পর্শে এসেছি, এতে করে আমরাও আতঙ্কিত।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাকিমপুর শাখার ম্যানেজার মাইদুল ইসলাম বলেন, গত সোমবার ক্যাশিয়ার আব্দুল হাই সিদ্দিক অফিস করেন, এরপরে মঙ্গলবার তিনি গায়ে তীব্র জ্বর ও শরীরে ব্যথা অনুভব করলে ব্যাংকে আসেননি। পরে তিনি বগুড়ার টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসছিলেন। গতকাল রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ বলেন, কৃষি ব্যাংকের ক্যাশিয়ার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তবে তিনি বগুড়াতে নমুনা দেওয়াতে আমরা সেই রিপোর্টটি পায়নি। ব্যাংক লকডাউন করা হবে না, তবে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, সেই মোতাবেক তারা পরিচালনা করবেন।