আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলারদো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হলেও তার কোনো শারীরিক উপসর্গ নেই বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৮২ বছর বয়সী বিলারদোর অবশ্য অনেক দিন ধরেই মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। যে নার্সিং হোমে তিনি থাকেন সেখানে আরও ১০ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।
কঠিন এই সময়ে নিজেদের সাবেক খেলোয়াড় ও কোচ বিলারদোর পাশে দাঁড়িয়েছে ক্লাব লা প্লাতার ক্লাব এস্তুদিয়ান্তেস। শুক্রবার এক টুইট বার্তায় ক্লাবটি লিখেছে, “কার্লোস (বিলারদো) এই লড়াইয়ে আমরা তোমার সঙ্গে আছি!”
মস্তিষ্কে সমস্যা নিয়ে ২০১৯ সালের জুলাইয়ে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যেতে হয়েছিল বিলারদোকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই নার্সিং হোমে সেবা শশ্রূষা চলছে তার। মস্তীষ্কের সমস্যায় স্মৃতিশক্তিও অনেকটা লোপ পেয়েছে সাবেক সফল এই কোচের।
আর্জেন্টিনা জাতীয় দলকে ১৯৮২-৯০ সময়ে কোচিং করিয়েছেন বিলারদো। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে দেশকে এনে দেন বিশ্বকাপ। ১৯৯০ সালে ইতালিতে বিশ্বকাপের পরের আসরে পশ্চিম জার্মানির কাছে রানার্স-আপ হয় তার দল।
ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বেশি আলোচিত হলেও বিলারর্দো কিন্তু একজন চিকিৎসকও।