বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির ঘোষণা খাদ্যমন্ত্রীর

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে অপচেষ্টার মাধ্যমে চালের দাম বাড়ানো হলে সরকার কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানি করা হবে।

গতকাল শনিবার নওগাঁ জেলার পোরশা উপজেলা কৃষি ও বন বিভাগের গাছের চারা এবং সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চালকল মালিকদের করোনাকালীন মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালকল মালিকদের সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ চাল সরকারি গুদামে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বোরোর ভরা মৌসুমে চালের দর বৃদ্ধি পাওয়ার পর খাদ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ইতিমধ্যেই সরকার চাল আমদানি করার চিন্তাভাবনা শুরু করেছে। করোনার সময়ে অপচেষ্টার মাধ্যমে যদি চালের মূল্য বাড়ানো হয়, তাহলে সরকারিভাবেই চাল আমদানি করা হবে।

চালকল মালিকদের চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরকারি গুদামে চাল দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাজার অস্থিতিশীল হলে সরকার কঠোর অবস্থানে যাবে।’