স্বাস্থ্যবিধি না মেনে মুন্সীগঞ্জে সাপ্তাহিক পশুর হাট

করোনাভাইরাস মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি না মেনে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর বাজার এলাকায় সাপ্তাহিক পশুর হাট বসছে। উপজেলার ঐতিহ্যবাহী এ হাট বসে প্রতি শনিবার। এই হাটে গতকাল শনিবারও সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা চলে। তবে হাট ব্যবস্থাপনা হয়নি স্বাস্থ্যবিধি মেনে। জীবাণুনাশক স্প্রে বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার দেখা যায়নি। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। এ অবস্থায় এই হাট থেকে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে। 

গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালুচর পশুর হাট ঘুরে দেখা যায়, গাদাগাদি করে গরু, ছাগল বিক্রির জন্য দাঁড়িয়েছে বিক্রেতারা। সামাজিক দূরত্ব রক্ষার বালাই নেই। ক্রেতারাও মানছেন না স্বাস্থ্যবিধি। হাট ইজারাদার কিংবা কোনো স্বেচ্ছাসেবক কাউকে দেখা যায়নি স্বাস্থ্যবিধি রক্ষায় এগিয়ে আসতে।

মো. শাহীন নামের এক ক্রেতাকে মাস্ক ছাড়াই হাটে ঘোরাঘুরি করতে দেখা যায়। তিনি বলেন, মাস্ক পকেটে আছে। প্রচ- গরম লাগে। তাই পকেটে রেখেছি।

গরু ব্যবসায়ী আমির হোসেন বলেন, গরমের জন্য মাস্ক পকেটে রেখেছি। ভাই রে আল্লাহর হাতে সব। তিনি মৃত্যু দিলে মৃত্যু হবেই।

হাটের ইজারাদার আলেক চান মুন্সী বলেন, মাইকের মাধ্যমে হাটের ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। কেউ তো তা শুনছেন না।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করতে হবে যাতে করোনাভাইরাসের সংক্রমণ না বাড়ে। ইজারাদারকে বলে দেব যাতে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করেন। শিগগিরই পশুর হাট পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেব।