ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘কাজী জাহিদুর রহমান জেলে আছেন। বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শে সিন্ডিকেট তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গ্রেপ্তারের দিন থেকে এটি কার্যকর হবে।’
কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মতিহার থানায় গত ১৭ জুন রাতে মামলাটি করেন বোয়ালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী তাপস কুমার সাহা। পরে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় মতিহার থানা।