পটুয়াখালীতে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আউলিয়াপুর রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন ঘন ঘন লোডশেডিং, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, তিন মাসের বিল একত্রে প্রদান এবং বিবিধ বিলের নামে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এর প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে প্রতি মাসের বিল প্রতি মাসে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার দাবি জানান তারা।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মনোহর কুমার বিশ্বাস বলেন, বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং সংগ্রহ করতে না পারায় মাসিক গড় হিসাব করে বিল করায় কিছুটা সমস্যা হতে পারে। পরবর্তী মাসে রিডিং সমন্বয় করে বিল দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় বিদ্যুৎ সরবরাহে মাঝেমধ্যে কিছুটা সমস্যা হচ্ছে।