আগামী নভেম্বরের মধ্যে চট্টগ্রাম নগরের আলোচিত পোর্ট কানেকটিং রোডের নির্মাণকাজ শেষ না করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জম নাছির উদ্দিন।
তিনি বলেন, কোন অজুহাতে কাজের দীর্ঘসূত্রিতা এবং গুণগতমান রক্ষা করা না হলে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।
রবিবার নগরের তাসপিয়া হতে সাগরিকা পর্যন্ত চলমান পোর্ট কানেকটিং সড়কের নির্মাণকাজ পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।
সড়ক নির্মাণকাজ সমাপ্তিতে দীর্ঘসূত্রিতা দেখে অসন্তোষ প্রকাশ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কারকাজের দীর্ঘসূত্রিতা জনদূর্ভোগকে বাড়াচ্ছে। এটা ঠিকাদারদের চুক্তির বরখেলাপ। এই প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বরত প্রকৌশলীকে নির্মাণকাজের গুণগতমান বজায় রেখে আগামী নভেম্বরের মধ্যে এই সড়ক নির্মাণকাজ শেষ করতে হবে।
এ সময় সিটি মেয়র পোর্ট কানেকটিং সড়ক নির্মাণকাজের কারণে এলাকার যানবাহন ও জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটায় দুঃখ প্রকাশ করেন।
পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, নাসির উদ্দিন, মোহাম্মদ মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।