নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণের পর হত্যা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নে রাবেয়া আক্তার (২০) নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।  

রোববার সকাল ১১ টার দিকে উপজেলার মাদ্রা গ্রামের পূর্ব পাড়ার আলী মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার আলী মিয়ার মেয়ে। 

নিহত তরুণীর নানি জামেলা খাতুন বলেন, সকালে বৃষ্টির সময় দুই যুবক ও একজন মধ্য বয়সী অজ্ঞাত ব্যক্তি বাড়িতে এসে রাবেয়ার সাথে ঘরের মধ্যে কথা বছেছেন। কোন এক সময় ওই অজ্ঞাত তিনজন তার নাতিনকে খুন করে পালিয়ে গেছে। 

নিহতের মা জাহানারা বেগম বলেন, ১১ টার দিকে মাদ্রা বাজার থেকে ফিরে এসে আমার  মাকে  মেয়ের কথা জিজ্ঞেস করলে ঘরে তিনজন লোকের সাথে কথা বলার কথা জানায়। ঘরে গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে।

তিনি জানান, ওই গ্রামের আবুল কালামের ছেলে রিপন ও তার ভাই লিটনের সাথে আমাদের বিরোধ চলছে। তারা  বিভিন্ন সময় মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে আসছে।

নাঙ্গলকোট থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তরুণীকে  হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।