জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট (করোনা উপসর্গ) নিয়ে দেশের চার জেলায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ ছয়জন এবং সিলেট, যশোর ও কিশোরগঞ্জে একজন করে রয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
সিলেট : করোনা উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে (৬৪) মারা গেছেন। গত শনিবার রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গোপাল শংকর করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। ভর্তির আগে তিনি করোনা পরীক্ষা করান। তখন রিপোর্ট নেগেটিভ আসে। ভর্তির পর ফের নমুনা নেওয়া হয়। কিন্তু এখনো সেই রিপোর্ট আসেনি।
কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয়জন মারা গেছে। গতকাল সকালে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বজলু মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা এলাকার মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার আহসান উল্লাহর স্ত্রী নাসিমা বেগম (৫৬), একই উপজেলার ফরিদ উদ্দিন (৭০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোতাহের হোসেন (৪৮) ও কুমিল্লা দেবীদ্বারের মোসলেম মিয়া (৭২) মারা গেছেন।
যশোর : যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে রবিবার সকালে হারুন সরদার (৫৬) নামে একজন মারা গেছেন। তিনি শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা। হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, রবিবার ভোরে হারুন হাসপাতালে আসেন। সকাল ৯টার দিকে তিনি মারা যান।
কিশোরগঞ্জ : উপসর্গ নিয়ে মাজহারুল হক রানা (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকাল ৮টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাড়াইলের বেলংকা গ্রামের বাসিন্দা মাজহারুলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের বিপরীতে রানা প্যাথলজি নামে একটি ক্লিনিক চালাতেন।