বাংলাদেশের করোনা পরিস্থিতি উদ্বিগ্ন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের মন পুড়ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। ভাবছেন, করোনাভাইরাস মহামারীর এমন দুঃসময়ে জনবহুল দেশটির জনগণ কী লড়াইটাই না করছেন। নিজ দেশে ইউনিসেফের সাবান ও বিশুদ্ধ পানির ক্যাম্পেইনে যোগ দিয়ে কিউই অধিনায়কের কণ্ঠে উচ্চারিত হলো বাংলাদেশকে নিয়ে সেই দুর্ভাবনার কথা।

‘সম্প্রতি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লম্বা আলাপ-আলোচনা হলো।’ কিছুদিন আগে তামিমের সঙ্গে তার ফেইসবুক লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে আড্ডা দেওয়ার প্রসঙ্গ টেনে উইলিয়ামসন বলেছেন, ‘তার দেশে পরিস্থিতি কতটা কঠিন তা খুব সহজে বোঝা যায়। বিশাল জনসংখ্যার দেশ বাংলাদেশ ভাইরাসকে দূরে হটিয়ে রাখতে স্বাস্থ্য সচেতনতার মৌলিক প্রয়োজনীয়তার অভাবেই ভুগছে।’

 ১৬ কোটির বেশি মানুষের দেশ ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ। যেখানে গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ১,৩৭, ৭৮৭ জন মানুষ। সুস্থ হয়েছেন ৫৫,৭২৭ জন। মারা গেছেন ১,৭৩৭। সেখানে নিউজিল্যান্ড বেশ ভালো অবস্থায় আছে। উইলিয়ামসনের দেশে গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত ১,৫২৬ জন। নতুন আক্রান্ত মাত্র ৪ জন। মারা গেছেন ২২ জন এবং সুস্থতায় ফিরেছেন ১,৪৪৮ জন।

উষ্ণ আবহাওয়া করোনাবান্ধব। সফর করার অভিজ্ঞতা থেকে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন জানেন বাংলাদেশে গরম কতটা এবং তাতে সমস্যাই বা কেমন। ‘বাংলাদেশের আবহাওয়া বেশ কঠিন। প্রথমবার বাংলাদেশ সফরে গিয়ে ৫ দিনের টেস্ট ম্যাচে কী পরিমাণ গরম ও আর্দ্রতা মোকাবিলা করেছিলাম তা আমি কখনো ভুলব না। ভুলব না এর সঙ্গে আসা ক্র্যাম্পের কথাও।’ বাংলাদেশ নিয়ে উইলিয়ামসন বলছিলেন, ‘পানিশূন্যতা থেকে রক্ষা পেতে সজাগ থাকা কতটা জরুরি ওখানে তার একটা ছোট্ট উদাহরণ ওটা। দুশ্চিন্তার ব্যাপার হলো, ওখানে সবার সেই সুযোগও নেই।’