নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে বেলাল হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মোল্লা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু বেলাল হোসেন ওই গ্রামের আমীর হোসেনের সন্তান।

মৃত বেলাল হোসেনের চাচা মোস্তফা মোল্ল্যা জানান, দুপুরে তার বড় বোন স্বামীর বাড়িতে যাওয়ার আগে তাকে ১০ টাকার একটি নোট দেয়। বোনের দেওয়া সেই ১০ টাকা নিয়ে সবার অজান্তে  বাড়ির অদূরে মফিজুলের দোকানে বিস্কুট কিনতে যায় সে। এ সময় বাড়ির অন্য প্রান্তে পরিবারের সকলে তার বোনকে বিদায় দিতে ব্যস্ত ছিল। দোকানে যাওয়ার পথে  বাড়ির কাছে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তায় পড়ে যায় সে। পরে স্রোতের টানে পানিতে ডুবে মারা যায় বেলাল। 

দীর্ঘক্ষণ বেলালকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে রাস্তার খালের পাশে ১০ টাকার নোট পড়ে থাকতে দেখে বুঝতে পারেন, পানিতে পড়েছে বেলাল। পরে খালের পাশের বাঁশঝাড়ে বেলালের মরদেহ আটকে থাকতে দেখেন স্বজনরা। তার মরদেহ উদ্ধার করে বিকালে স্থানীয় ঢাকডোহর কবরস্থানে দাফন করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রকৃত তথ্য জানতে  ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।