করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী গতকাল সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসন্তান রেখে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আইএসপিআর আরও জানায়, মোহসীন চৌধুরীকে সব স্বাস্থ্যবিধি মেনে গতকাল বনানীর সামরিক কবরস্থানে বাদ আসর দাফন করা হয়। কভিড-১৯-এ আক্রান্ত হয়ে তিনি ২৯ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই মোহসীন চৌধুরী হাসপাতালে থাকা অবস্থায় গত ১৪ জুন জ্যেষ্ঠ সচিবের মর্যাদা পান।
১৯৬৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জন্ম নেওয়া মোহসীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন। পরে ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স স্টাডিজে এমএ ডিগ্রি নেন।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের এ কর্মকর্তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেওয়ার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন মোহসীন চৌধুরী।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মোহসীন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।