সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক মারা গেছেন

‘গেদুচাচা’ খ্যাত কলামনিস্ট, মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য খোন্দকার মোজাম্মেল হক মারা গেছেন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাংবাদিকতায় মোজাম্মেল হকের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন খোন্দকার মোজাম্মেল হক। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২৭ জুন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রবিবার থেকে অবনতি হতে শুরু করে। তখন তার জন্য প্লাজমা খোঁজা হয়। সোমবার বিকেলে তিনি মারা যান।

মোজাম্মেল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক যেন হয়ে ওঠে শোকবই।

১৯৫০ সালের ১৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়ার হরিপুর গ্রামে খোন্দকার মোজাম্মেল হক জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে জড়িত ছিলেন রাজনীতিতে। ছিলেন সাংস্কৃতিক কর্মকা-ের অগ্রভাগে। অংশ নেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর প্রকাশ করেন সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’। আমৃত্যু তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তার লেখা ‘গেদুচাচার খোলা চিঠি’ কলাম দেশে-বিদেশে জনপ্রিয় হয়।