জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ধানম-ির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে আসেন তিনি। এ সময় তিনি শারীরিক এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, এ সময় এম আব্দুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমানকে বলেন, প্রতিদিন আমি ফোন করে জাফরুল্লাহ ভাইয়ের খোঁজ নেব। একইসঙ্গে আরমানকেও প্রতিদিনের আপডেট তাকে জানাতে বলেন। জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মিন্টু বলেন, তার জ্বর কমেছে। তবে ফুসফুসের সমস্যার জন্য তাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। তার শরীর দুর্বল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।