পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি ভবনের আসবাব কেনায় দুর্নীতির অভিযোগে মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেয়। ভিডিও কনফারেন্সে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন মানিক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনউদ্দিন মানিক জানান, সম্প্রতি দুটি মামলায় জামিনের আবেদন করেছিলেন আসিফ হোসেন। এর মধ্যে একটিতে বিদেশ না যাওয়া, পাসপোর্ট জমা রাখা ও তদন্তে ব্যাঘাত না ঘটানোর শর্তে নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর পর্যন্ত তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। অন্য মামলায় জামিনের আবেদনের শুনানির জন্য আগামী রবিবার ধার্য রাখা হয়েছে।
আলোচিত এ ঘটনায় দুদকের পক্ষে গত বছর ১২ ডিসেম্বর পাবনায় দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় আটজন ও আরেকটি মামলায় সাতজনকে আসামি করা হয়। তবে দুই মামলাতেই গণপূর্তের বেশ কয়েকজন প্রকৌশলীসহ আসামি একই।
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি আবাসন পল্লীর একটি ভবনের আসবাব, বালিশসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা ও তা ভবনে তোলায় অনিয়ম দুর্নীতি নিয়ে গত বছর ১৬ মে দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকায় ‘কেনা-তোলায় এত ঝাঁজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ওই ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী কেনায় মারাত্মক দুর্নীতির চিত্র উঠে আসে। এর মধ্যে একেকটি বালিশের দাম দেখানো হয় ৫ হাজার ৯৫৭ টাকা। একেকটি বালিশ ভবনে তুলতে খরচ দেখানো হয় ৭৬০ টাকা করে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।