উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল

রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় পোস্তগোলায় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এ (প্রথম বুড়িগঙ্গা সেতু) ফাটল দেখা দিয়েছে। এ কারণে গতকাল সোমবার সন্ধ্যা থেকে সেতুর চার লেনের একটি লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

গতকাল সকালে শ্যামবাজারে ওই লঞ্চডুবিতে অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল স্থগিত করেছি। আগামীকাল (আজ মঙ্গলবার) আমাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, পরিদর্শন করে দেখা গেছে সেতুর গার্ডারের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা-মাওয়া রুটে যান চলাচলের একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামীকাল বিশেষজ্ঞ দল পরিদর্শনের পর যদি প্রয়োজন হয়, তবে অন্য লেনও বন্ধ করে দেওয়া হবে।’

গতকাল সকালে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে যাচ্ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ‘উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে চাইছিলেন। তার ভুলে সেতুতে আঘাত লাগতে পারে।’ সেতুতে যে ফাটল তৈরি হয়েছে, তা তেমন মারাত্মক নয় বলে মনে করেন তিনি।

উদ্ধারকারী জাহাজটি সেতু পার হতে না পারায়, বিকল্প উপায়ে লঞ্চটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।